প্রিন্ট এর তারিখঃ Jun 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 6, 2026 ইং
কাশিয়ানীতে ট্রেনের নিচে কাটা পড়ে শিশুর মৃত্যু

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের নিচে কাটা পড়ে ছাবিহা খানম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর এলাকায় ঢাকা-বেনাপোল রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাবিহা খানম গোপালগঞ্জ পৌরসভার নিচুপাড়া এলাকার শিপন ফকিরের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে ছাবিহা তার নানাবাড়ি ব্যাসপুর গ্রামে বেড়াতে এসেছিল। শনিবার সকালে অন্য শিশুদের সঙ্গে রেললাইনের ওপর খেলাধুলা করছিল সে। এ সময় ঢাকা থেকে বেনাপোলগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন সেখানে পৌঁছালে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঈদের আনন্দঘন সময়ে শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারাও ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক যায় যায় বেলা